
শিলং, ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার মেঘালয়ের রাজধানী শিলঙে দলীয় নেতা ও কার্যকর্তাদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। বৃক্ষরোপণ করে নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রচলিত ‘এক পেড় মা কে নাম’ আজ এক জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে নাড্ডা আরও বলেন, ২০২৪ সালের ৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সূচিত এই উদ্যোগের লক্ষ্য জনসাধারণের অংশগ্রহণ ও সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে উৎসাহিত করা।
বিজেপি-কার্যকর্তাদের উদ্দেশে বক্তব্য পেশ করতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব পরিবেশ দিবসে দেশজুড়ে লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তা এই জাতীয় অভিযানের অংশ হিসেবে চারা গাছ রোপণ করছেন। উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মায়েদের নিঃস্বার্থ স্নেহ, লালন-পালন ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি উৎসর্গ করা হয়েছে। প্রকৃতির সঙ্গে মায়ের তুলনা করে তিনি বলেন, যেমন একজন মা সারাজীবন তাঁর সন্তানদের সুরক্ষা ও লালন-পালন করেন, তেমনি প্রকৃতিও মানবজাতিকে রক্ষা ও লালন করে। তাই পরিবেশ রক্ষা করা সকলের যৌথ দায়িত্ব।
জগতপ্রকাশ নাড্ডা বলেন, ‘একজন মা সারাজীবন নিঃস্বার্থভাবে তাঁর সন্তানদের লালন-পালন করেন। একইভাবে প্রকৃতিও মানবজাতিকে লালন-পালন ও সুরক্ষা দেয়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, সূচনার পর থেকেই এই অভিযান ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে। ২০২৪ সালে শুরু হয়ে ২০২৫ সালে ব্যাপক সম্প্রসারণের পর ২০২৬ সালে এটি একটি সর্বভারতীয় গণ-আন্দোলনে পরিণত হয়েছে। বর্তমানে দেশজুড়ে কোটি কোটি বিজেপি কার্যকর্তা এবং সমর্থক বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস