
কলকাতা, ৫ জুন (হি.স.): কিছু দিন পরই সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার কথা। তার আগে কথিত ‘সই জালিয়াতি’ কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। অভিষেককে ইতিমধ্যে দু’দফায় নোটিশ পাঠিয়েছে সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে শুক্রবার বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে। আদালত খুললে নিয়মিত বেঞ্চে মামলার শুনানি হবে বলে এদিন জানিয়ে দিয়েছেন বিচারপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ