
নয়ডা, ৫ জুন ( হি.স.): দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দিল্লির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক ৩২ বছর হলেও এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মে সেক্টর-৬৩ থানার অন্তর্গত দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
এক পুলিশ আধিকারিক জানান, মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে সেক্টর-৬৩ থানার পুলিশ। মৃত যুবকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক