
কলকাতা, ৫ জুন (হি. স.) : লোকভবনের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন কলকাতা পুরসভার এক কর্মী। শুক্রবার সকালে সরকারি বাসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।জানা গিয়েছে, হাওড়া থেকে কামালগাজি গামী ২৬এ নম্বর সরকারি বাসটি লোকভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটি লোকভবন থেকে বাঁ দিকে কেসি দাস মোড়ের দিকে ঘুরছিল। সেই সময় পিছন দিক থেকে একটি মোটরবাইক দ্রুতগতিতে এসে বাসটিকে ওভারটেক করে রেড রোডের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।প্রত্যক্ষদর্শীদের দাবি, ওভারটেক করার সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের খুব কাছে চলে আসে। মুহূর্তের মধ্যেই বাইকটি বাসের চাকার তলায় চলে যায়। দুর্ঘটনার জেরে মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন।পুলিশ ও স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। তাঁর ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়