
কলকাতা, ৫ জুন (হি. স. ): অরূপ ও স্বরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর উন্মত্ত জনতার। ক্লাবের উপরের ঘরে কেন রাখা কিং সাইজ বেড, কেনই বা মজুত রাশি রাশি সরকারি জলের বোতল – সে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
শুক্রবার ক্লাবের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। উপরের ঘরে উঠে চক্ষু ছানাবড়া বিক্ষোভকারীদের। উপরের ঘরে রাখা কিং সাইজ বেড। দু’টি চেয়ার। এসি লাগানোও ছিল। স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই এসি খুলে নিয়ে যাওয়া হয়েছে। সিলিং ফ্যান দেখলেও স্পষ্ট তা নেহাত কম দামি নয়। ওই ঘর লাগোয়া বেশ বিলাসবহুল শৌচালয়। তার মাথায় ঘুরছে পাখা।
সুরুচি সংঘে ঘুরপথে সরকারি জিনিসপত্র আমদানি হত বলেও অভিযোগ। ওই ক্লাবঘরের সঙ্গে থাকা আরেকটি ঘরে রাশি রাশি রাখা সরকারি জল ‘প্রাণধারা’র বোতল পাওয়া গিয়েছে। এছাড়া ত্রাণ দেওয়ার জন্য রাশি রাশি শাড়িও পাওয়া গিয়েছে। তা দেখে স্থানীয়রা ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।
এদিকে, স্বরূপের দুর্নীতির আঁচ গিয়ে পড়েছে তাঁর ‘শিষ্যে’র উপরেও।
এদিন তাঁকে ধাওয়া করে বেধড়ক মারধর করেন একদল উত্তেজিত জনতা। কিল, চড়, ঘুষি মারা হয় বলেও অভিযোগ। নিউ আলিপুর থানায় ঢুকে রক্ষা পান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত