
কলকাতা, ৫ জুন (হি.স.): সোমবারই রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মন্ত্রিসভার এই ব্যাপক সম্প্রসারণের পর বুধবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকও সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুক্রবারই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে।
কিন্তু শুক্রবার সকাল হতেই নবান্ন তথা রাজ্য রাজনীতিতে কৌতূহল তৈরি হয়!
জানা গেছে, দফতর বণ্টনের আগেই তড়িঘড়ি দিল্লির বিমান ধরছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। নবান্ন সূত্রে খবর ছিল, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন মন্ত্রীদের দফতর ঘোষণা করা হবে, কিন্তু তার আগেই সকাল ১১টার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। অবশ্য এদিন রাতেই তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে।
শুক্রবার ঠিক কার ডাকে এবং ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী সকাল সকাল দিল্লি উড়ে যাচ্ছেন, তা এখনও নবান্ন বা বিজেপির তরফ থেকে স্পষ্ট করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই সফর স্রেফ সৌজন্যমূলক নয়, শুক্রবার রাতে দিল্লি থেকে শুভেন্দু অধিকারী কলকাতায় ফেরার পরই স্পষ্ট হবে— বাংলার রাজনীতির জল এবার কোন দিকে গড়াতে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত