
মেখলিগঞ্জ, ৫ জুন (হি.স.): রাজনৈতিক পটপরিবর্তন কোচবিহারের মেখলিগঞ্জে। এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো মেখলিগঞ্জ পুরসভা। পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি-সহ মোট ৬ জন কাউন্সিলার শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাসকদলের অন্দরে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধছিল। এদিন চেয়ারম্যান প্রভাত পাটনির নেতৃত্বে বিক্ষুব্ধ কাউন্সিলাররা তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের হাত ধরেন। মেখলিগঞ্জ পুরসভায় এই দলবদলের ফলে এক লপ্তে পুরবোর্ডের সমীকরণ সম্পূর্ণ বদলে গেল এবং তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পুরসভার নিয়ন্ত্রণ হারাল।
এই দলবদলের পর নবীন কংগ্রেস কাউন্সিলাররা জানান, এলাকার উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করতে এবং সুষ্ঠু পুরপরিষেবা বজায় রাখতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, পুরসভা হাতছাড়া হওয়া মেখলিগঞ্জ মহকুমার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি