
বাঁকুড়া, ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বাঁকুড়া জেলা জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হল। বৃক্ষরোপণ, জলাশয় পরিষ্কার এবং পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগে অংশ নেন সাধারণ মানুষ, পড়ুয়া ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে ছোটটিহি গ্রাম এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং গ্রামবাসীরা অংশ নেন। এছাড়াও বাঁকুড়া জেলা স্কুলের সামনেও বৃক্ষরোপণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদার, উপ-পুরপ্রধান হিরণ চট্টরাজ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অন্যদিকে, পরিবেশবাদী সংগঠন ‘মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস’-এর উদ্যোগে জেলার তিনটি মহকুমায় মোট ১৫টি পুকুর পরিষ্কার করা হয়। সংগঠনের সভাপতি সংগীতা বিশ্বাস এবং সম্পাদক ঝর্না গঙ্গোপাধ্যায় জানান, বৃষ্টির জল সংরক্ষণ, জলসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁদের বক্তব্য, পরিষ্কার করা পুকুরগুলিতে পদ্ম চাষ ও মাছ চাষের মাধ্যমে স্থানীয় মানুষ আর্থিকভাবে উপকৃত হতে পারবেন। পাশাপাশি ওই জল কৃষিকাজ ও অন্যান্য প্রয়োজনেও ব্যবহার করা যাবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারের ফলে পরিবেশের তাপমাত্রা কমবে, ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি পাবে এবং জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র আরও সুরক্ষিত হবে। একইসঙ্গে জলচক্র স্বাভাবিক রাখতে এবং দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়ে তুলতেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট