মণিপুরে ৪৭ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার বিহারের বাসিন্দা
ইমফল, ৫ জুন (হি.স.) : মাদকবিরোধী এক বড়সড় অভিযানে মণিপুরের জিরিবাম জেলায় প্রায় ৪৭ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আ
মণিপুরে ৪৭ কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার বিহারের বাসিন্দা


ইমফল, ৫ জুন (হি.স.) : মাদকবিরোধী এক বড়সড় অভিযানে মণিপুরের জিরিবাম জেলায় প্রায় ৪৭ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-এর যৌথ বাহিনী। মাদক পাচারের অভিযোগে বিহারের বাসিন্দা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে জিরিবাম জেলার অন্তর্গত লেইঙ্গাংপোকপি এলাকায় মাদক-বিরোধী যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে একটি পণ্যবাহী টাটা লরির গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে গাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা চার লক্ষ (৪,০০,০০০) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যৌথ বাহিনী। এর সঙ্গে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা লরির চালককে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং লরিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক সূত্র জানিয়েছে, এই অভিযান মণিপুরে চলমান অবৈধ মাদক কারবার দমনের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এর মাধ্যমে মণিপুরকে কেন্দ্র করে পরিচালিত মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রোধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে আসাম রাইফেলস, জিরিবাম পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশের আধিকারিক সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande