
নয়ডা, ৫ জুন ( হি.স.) : উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজয় নগর থানার অন্তর্গত ভূড় রেলওয়ে রোড এলাকার একটি হোটেলে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। মৃতার নাম রশ্মি (১৮) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক যুবক রশ্মিকে নিয়ে ওই হোটেলে আসে। হোটেল কর্মীদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতার পরিবারের অভিযোগ, ওই যুবকের সঙ্গে তাঁদের মেয়ের মৃত্যুর যোগ থাকতে পারে। ঘটনার পর ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নাদিম (১৯)।
পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। একই সঙ্গে তরুণীর মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক