
হুগলি , ৫ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে এক ঠিকাদার তথা তৃণমূল কর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার আরামবাগ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আবাস যোজনার বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এলাকার একাধিক পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি নির্মাণের কাজ শুরু হয়নি। বারবার যোগাযোগ করা হলেও তিনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে দাবি বাসিন্দাদের।
এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, অনেকেই ধার-দেনা করে বা সঞ্চিত অর্থ থেকে টাকা দিয়েছিলেন আবাস যোজনার বাড়ির আশায়। কিন্তু কাজ না হওয়ায় তাঁরা আর্থিক ও মানসিক সমস্যার মুখে পড়েছেন। দ্রুত সমস্ত টাকা ফেরত দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা পরিস্থিতির উপর নজরদারি শুরু করেন। যদিও অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত ব্যক্তির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA