
আরামবাগ, ৫ জুন (হি.স.): হুগলির গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামের হাজরা পাড়া এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, প্রায় ৮ থেকে ১০টি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ বাড়ির সদস্যরা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা একাধিক বাড়িতে হানা দেয়। দুষ্কৃতীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে দীর্ঘ সময় ধরে এই ঘটনা চললেও কেউ তা টের পাননি। বর্তমানে এলাকায় পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটে এবং শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসে, এরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA