
হুগলি, ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোঘাট থানায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, পুলিশকর্মী ও সাধারণ মানুষ।
‘একটি গাছ মায়ের নামে’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত অধিকারী। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিধায়ক বলেন, ক্রমবর্ধমান দূষণ, বনভূমি ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি আজ সংকটের মুখে। পরিবেশ রক্ষায় প্রত্যেক মানুষের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।
এদিন গোঘাট থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত সাধারণ মানুষের হাতেও বৃক্ষচারা তুলে দেওয়া হয়, যাতে তাঁরা নিজেদের এলাকায় সবুজায়নের কাজে অংশ নিতে পারেন।
আয়োজকদের বক্তব্য, ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতিকে পরিবেশ রক্ষার দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। একটি গাছ যেমন জীবনের ধারক, তেমনই মা সন্তানের জীবনের ভিত্তি—এই বার্তাই তুলে ধরা হয়েছে কর্মসূচির মাধ্যমে।
বিশ্ব পরিবেশ দিবসে এই উদ্যোগ গোঘাটবাসীর মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন আয়োজকরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA