
পাথারকান্দি (অসম), ১৬ জুলাই (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবাগুলির আনুমানিক কালোবাজারি মূল্য ২০ লক্ষ টাকার বেশি।
আজ বৃহস্পতিবার পাথারকান্দি থানার ওসি বিশ্বজ্যোতি দেউরি এ খবর দিয়ে জানান, গতকাল সন্ধ্যার দিকে পুলিশের এক দল স্থানীয় লক্ষ্মীপুর এলাকায় বিশেষ নজরদারি চালায়। এক সময় জিপি অফিস সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি এএস ১০ বিসি ২৩১২ নম্বরের একটি অটোরিকশা থামিয়ে তালাশি চালানো হয়।
তালাশিতে অটোরিকশার ভেতর থেকে ৫,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন অভিযানকারীরা। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে আফসার আলম (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাবার নাম মাশুক আহমেদ। বাড়ি পাথারকান্দির বাংলাটিলা এলাকায়।
পুলিশ ধৃতের ব্যবহৃত অটোরিকশার পাশাপাশি একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে সারারাত ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধৃতকে শ্রীভূমি জেলা সদরে অবস্থিতি মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস