

কয়লা-বোঝাই লরি উল্টে যানজট, ভোগান্তি শতাধিক যানবাহনের যাত্রীদর
হাফলং (অসম), ১৭ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হারাঙ্গাজাও-জাটিঙ্গা সড়কের দলাইচুঙ্গা এলাকায় একটি কয়লা-বোঝাই লরি উল্টে যাওয়ায় হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে প্রায় ১০ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল। আজ শুক্রবার বিকালে প্রশাসনের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরিয়ে ফেলার পর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, কয়লা-বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে পড়ায় জাতীয় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের দুই প্রান্তে শতাধিক ছোট-বড় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে। দীর্ঘ অপেক্ষায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে জেলা প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ককে সচর করার কাজ শুরু করে। টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর বিকালে উল্টে থাকা লরিটি সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়। এর পর পর্যায়ক্রমে আটকে থাকা যানবাহনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয় এবং স্বাভাবিক হয় যান চলাচল।
এদিকে, বর্ষাকালে পাহাড়ি সড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। টানা বৃষ্টির কারণে পাহাড়ি সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপদ গতিতে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব