
- যাত্রীদের সরাসরি নতুন টার্মিনালে রিপোর্ট করার পরামর্শ, উন্নত পরিষেবার আশ্বাস বিমানবন্দর কর্তৃপক্ষের
গুয়াহাটি, ১৭ জুলাই (হি.স.) : আগামী ২০ জুলাই মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল-২ থেকে ইন্ডিগোর সমস্ত আগমন ও প্রস্থানকারী উড়ান পরিচালিত হবে। আজ শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা করে জানিয়েছেন, নতুন সমন্বিত টার্মিনাল ধাপে ধাপে চালুর প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এই পরিবর্তনের ফলে যাত্রীরা আরও আধুনিক, আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভ্রমণ পরিষেবা পাবেন। উন্নত পরিকাঠামো, অধিক কার্যকর পরিচালন ব্যবস্থা এবং বিশ্বমানের যাত্রীসুবিধার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান বিমানযাত্রার চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে নতুন টার্মিনাল-২-এ বাঁশ দিয়ে নির্মিত বিশেষ স্থাপত্যশৈলী তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও পরিবেশ-বান্ধব নকশার সমন্বয়ে নির্মিত এই টার্মিনাল ইতিমধ্যেই স্থাপত্যশৈলীর উৎকর্ষতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। ফলে এটি দেশের অন্যতম আধুনিক বিমানবন্দর টার্মিনাল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০ জুলাই থেকে ইন্ডিগোর যাত্রীদের চেক-ইন, নিরাপত্তা পরীক্ষা এবং বোর্ডিঙের জন্য সরাসরি টার্মিনাল-২-এ পৌঁছতে হবে। যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে স্পষ্ট দিকনির্দেশক সাইনেজ, তথ্যপ্রদর্শন ব্যবস্থা এবং অতিরিক্ত সহায়ক কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।
কর্তৃপক্ষের দাবি, ইন্ডিগোর সমস্ত পরিষেবা টার্মিনাল-২-এ স্থানান্তরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুয়াহাটি বিমানবন্দরের সংযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যাত্রীরা আরও উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা লাভ করবেন।
এদিকে, যাত্রীদের বিমানবন্দরে রওয়ানা হওয়ার আগে ইন্ডিগোর সঙ্গে নিজেদের উড়ানের সর্বশেষ তথ্য যাচাই করার পাশাপাশি নির্ধারিত সময়ের যথেষ্ট আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস