
দুর্গাপুর, ১৭ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। শুক্রবার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত তিন মাসে রাজ্যে একের পর এক শিল্প প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। দীর্ঘদিন শিল্পে স্থবিরতা থাকলেও বর্তমানে শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থান—এই তিন ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে এগোচ্ছে রাজ্য সরকার।
শিল্পমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু নতুন শিল্প গড়ে তোলা নয়, তার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাঁর কথায়, কাজের সন্ধানে বহু মানুষকে রাজ্যের বাইরে যেতে হয়েছে। এবার সেই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে এখানেই কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তাঁরা নিজেদের পরিবারের সঙ্গে থেকে জীবিকা নির্বাহ করতে পারেন।
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর প্রসঙ্গেও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তাপস রায়। তিনি জানান, বর্তমানে দেশের একাধিক শহরের সঙ্গে বিমান পরিষেবা থাকলেও আগামী দিনে নতুন রুট চালু এবং যাত্রী পরিষেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। বিমানবন্দরকে কেন্দ্র করে শিল্প ও বাণিজ্যিক সম্ভাবনাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, শিল্পায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান—এই তিন স্তম্ভকে ভিত্তি করেই পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘বিকশিত বাংলা’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে সামনে রেখেই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা