গোসাঁইগাঁওয়ে পুলিশ হেফাজত থেকে ফেরার চেষ্টা আসামীর, রাতভর তালাশি-অভিযানে গ্রেফতার
গোসাঁইগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তৰ্গত গোসাঁইগাঁওয়ে পুলিশি হেফাজত থেকে পালিয়েছিল এক আসামী। তবে পুলিশের তৎপরতায় রাতভর অভিযান চালিয়ে অবশেষে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃ
গোসাঁইগাঁওয়ে পুলিশ হেফাজত থেকে ফেরার চেষ্টা আসামীর, রাতভর তালাশি-অভিযানে গ্রেফতার


গোসাঁইগাঁও (অসম), ১৬ জুলাই (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তৰ্গত গোসাঁইগাঁওয়ে পুলিশি হেফাজত থেকে পালিয়েছিল এক আসামী। তবে পুলিশের তৎপরতায় রাতভর অভিযান চালিয়ে অবশেষে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে তিন অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গোসাঁইগাঁও আরএনবি অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন হাবিলদার ও এক হোমগার্ড জওয়ানের প্রহরাধীন অভিযুক্তদের মধ্যে দুজন হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করতে সক্ষম হলেও রিয়াজুল হক নামের অপর এক অভিযুক্ত পালিয়ে যায়। পরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতাল সংলগ্ন এলাকায় রাতভর তালাশি অভিযান চালান।

অবশেষে গভীর রাতে গোসাঁইগাঁও আরএনবি অসামরিক হাসপাতালের কাছেই লুকিয়ে থাকা অবস্থায় রিয়াজুল হককে গ্রেফতার করা হয়। জানা গেছে, রিয়াজুল হকের বাড়ি ধুবড়ি জেলার গৌরীপুর এলাকায়।

উল্লেখ্য, দুদিন আগে ভাওরাগুড়ি পুলিশ সোনার চেইন চুরির অভিযোগে তিন চোরকে গ্রেফতার করেছিল। ধৃতদের মধ্যে রিয়াজুল হকও ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশি হেফাজত থেকে অভিযুক্তের পালানোর ঘটনায় গোসাঁইগাঁও জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande