
ঝাড়গ্রাম, ১৬ জুলাই (হি.স.): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আজমল। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। তদন্তে জানা গিয়েছে, খড়্গপুরের এক ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকে মোড়া একটি প্যাকেট নিয়ে তিনি বুধবার সন্ধ্যায় ঝাড়গ্রামের রাধানগর গ্রাম পঞ্চায়েতের কেচন্দা বাঁধ সংলগ্ন এলাকায় পৌঁছেছিলেন। নির্দিষ্ট এক ব্যক্তির হাতে সেই প্যাকেট তুলে দেওয়ার কথা ছিল।
এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ কেচন্দা বাঁধ এলাকায় অভিযান চালায়। সেখানে আজমলকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ব্রাউন সুগার ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
অভিযানের সময় ঝাড়গ্রামের যুগ্ম বিডিও সৌভিক প্রামাণিক উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, এর আগেও একইভাবে একবার ঝাড়গ্রামে একটি প্যাকেট পৌঁছে দিয়েছিল সে। তার দাবি, অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাড়ের জন্য এক হাজার টাকার বিনিময়ে এই কাজ করতে রাজি হয়েছিল। তবে প্যাকেটের ভিতরে কী ছিল, সে সম্পর্কে তার কোনও ধারণা ছিল না বলেও দাবি করেছে।
বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ঝাড়গ্রাম থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো