
কলকাতা, ১৬ জুলাই (হি.স.): রাজ্য জুড়েই বৃহস্পতিবার ভক্তি ও শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব। বাংলার বুকে এদিন এক পার্বণ। উৎসব ও আনন্দের চেহারা নিয়েছে চারপাশ। বিশেষ করে গ্রামবাংলার জেলায় জেলায় রথযাত্রা উপলক্ষে বসেছে বিশেষ মেলা।
রথযাত্রার এই শুভক্ষণে সোশ্যাল মিডিয়া মারফৎ নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি লিখেছেন, ‘‘শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম।’’
তিনি আরও লিখেছেন, ‘‘প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা করি। পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। জয় জগন্নাথ।’
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত