
মালদা, ১৬ জুলাই (হি. স.): হকার্স কর্নারে দোকান ও প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে ফের বিতর্কে জড়ালেন ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে হাজিরা দিতে আসেন তিনি। আদালত চত্বরে পৌঁছাতেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এবং কাটমানি হিসেবে নেওয়া টাকা ফেরতের দাবিতে স্লোগান তোলেন।ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় তিন বছর আগে গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজার সংস্কারের পর প্রায় ১৫০টি দোকান ও প্ল্যাটফর্ম বরাদ্দ করা হয়। সরকারি রসিদে নির্ধারিত অর্থের তুলনায় অনেক বেশি টাকা তাঁদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই অতিরিক্ত অর্থই কাটমানি হিসেবে আদায় করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানানো হলেও কোনও পদক্ষেপ না হওয়ায় আদালত চত্বরে প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা।ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার না করে অশোক সাহা শুধু বলেন, তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দিতেই এদিন মালদা জেলা আদালতে এসেছিলেন। অভিযোগের বিষয়ে আদালতেই আইনি প্রক্রিয়া চলবে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়