মেজিয়ায় ৬০০ কোটির ইস্পাত ও বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাঁকুড়া, ১৬ জুলাই (হি. স.): রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যাম স্টিল গ্রুপের নতুন ইস্পাত ও বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মধ্যে
মেজিয়ায় ৬০০ কোটির ইস্পাত ও বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


বাঁকুড়া, ১৬ জুলাই (হি. স.): রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যাম স্টিল গ্রুপের নতুন ইস্পাত ও বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মধ্যেই শিল্পে নতুন বিনিয়োগের লক্ষ্যে এটি অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, মেজিয়ার যেমুয়ায় শ্যাম স্টিলের বিদ্যমান কারখানার সম্প্রসারণে প্রাথমিকভাবে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। নতুন প্রকল্পের আওতায় দুটি ফেরো অ্যালয় ইউনিট এবং ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি তাপবিদ্যুৎ ইউনিট গড়ে তোলা হবে। শুক্রবার প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাসের মাধ্যমে সম্প্রসারণের কাজের আনুষ্ঠানিক সূচনা হবে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার, পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং-সহ মন্ত্রিসভার একাধিক সদস্যের। দুপুর প্রায় ১২টা নাগাদ হেলিকপ্টারে করে তাঁদের মেজিয়ায় পৌঁছনোর কথা।

শ্যাম স্টিল ২০১১ সালে মেজিয়ায় উৎপাদন শুরু করে। এবার সংস্থাটি পশ্চিমবঙ্গে মোট প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে, যার উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে মেজিয়া কারখানার সম্প্রসারণে। শিল্পমহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে উৎপাদন ক্ষমতা যেমন বাড়বে, তেমনই নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

খরাপ্রবণ ও কৃষিনির্ভর জেলা হিসেবে পরিচিত বাঁকুড়ায় বৃহৎ শিল্প প্রকল্পের সম্প্রসারণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরির দাবি, প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে সরকার যে উদ্যোগী, এই প্রকল্প তারই প্রতিফলন বলে প্রশাসনিক মহলের অভিমত। শুক্রবারের শিলান্যাসের মধ্য দিয়ে মেজিয়াকে ঘিরে নতুন শিল্প সম্ভাবনার দ্বার আরও এক ধাপ উন্মুক্ত হবে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande