
ধুবড়ি (অসম), ১৬ জুলাই (হি.স.) : নিম্ন অসমের ধুবড়ি জেলা আদালত চত্বরে দুই সতিনের প্রচণ্ড মারপিট এবং এ ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আদালতের মধ্যে এক বিবাহিত মহিলার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত স্বামী, তাঁর ভাই এবং বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলকগঞ্জ চারিআলি এলাকার বাসিন্দা আজাহার নামে এক ব্যক্তির দুই স্ত্রী রয়েছেন। প্রথম স্ত্রীর নাম বাবলি। তাঁদের পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলার শুনানির জন্য আজ বৃহস্পতিবার ধুবড়ি জেলা আদালতে হাজির হয়েছিলেন উভয় পক্ষ।
অভিযোগ, আজাহার তাঁর দ্বিতীয় স্ত্রী, বাবা, মা এবং ভাইকে নিয়ে আদালতে আসেন। আদালত চত্বরে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সেই সুযোগে আজাহারের পরিবারের সদস্যরা প্রথম স্ত্রী বাবলির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালান বলে অভিযোগ।
বাবলির চিৎকারে আদালত চত্বরে উপস্থিত লোকজন ছুটে এলে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আজাহার, তাঁর ভাই এবং বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস