বাঁকুড়া শহরে প্রথম ইসকনের রথযাত্রা, রশি টানলেন বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপার
বাঁকুড়া, ১৬ জুলাই (হি.স.): ইসকনের উদ্যোগে প্রথমবারের মতো বাঁকুড়া শহরের রাজপথে অনুষ্ঠিত হল রথযাত্রা। বৃহস্পতিবার লালবাজার শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন)-এর উদ্যোগে আয়োজিত এই রথযাত্রায় অংশ নেন হাজার হাজার ভক্ত। রথের রশি টেনে যাত্রার সূচনা করেন
বাঁকুড়া শহরে প্রথম ইসকনের রথযাত্রা, রশি টানলেন বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপার


বাঁকুড়া, ১৬ জুলাই (হি.স.): ইসকনের উদ্যোগে প্রথমবারের মতো বাঁকুড়া শহরের রাজপথে অনুষ্ঠিত হল রথযাত্রা। বৃহস্পতিবার লালবাজার শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন)-এর উদ্যোগে আয়োজিত এই রথযাত্রায় অংশ নেন হাজার হাজার ভক্ত। রথের রশি টেনে যাত্রার সূচনা করেন বাঁকুড়ার জেলাশাসক, পুলিশ সুপার, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।

লালবাজারে ইসকনের সংঘ কার্যালয় থেকে রথযাত্রা শুরু হয়ে ইন্দারাগোড়া, রানীগঞ্জ মোড়, মাচানতলা, ঈদগা মহল্লা, জেলা স্কুল, কলেজ রোড-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রাজগ্রামের 'মামারবাড়ি'-র উদ্দেশে রওনা দেয়।

ইসকন রথ উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন বছর ধরে রথ উৎসবের আয়োজন হলেও শহর পরিক্রমার অনুমতি মেলেনি। এবার প্রশাসনের অনুমোদন পাওয়ায় প্রথমবার শহরের রাজপথে রথ বের করা সম্ভব হয়েছে। কমিটির দাবি, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে এই অনুমতি পাওয়া যায়। পাশাপাশি, রথযাত্রার আয়োজনে বজরং দলেরও সহযোগিতা রয়েছে বলে জানানো হয়েছে।

রথযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার দু'ধারে ভিড় জমান অসংখ্য মানুষ। হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সঙ্গীত এবং ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে গোটা বাঁকুড়া শহর।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande