


গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : ডিব্রুগড়ে শ্রীশ্রী জগন্নাথ কালচারাল ট্রাস্ট আয়োজিত জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। এ উপলক্ষ্যে তিনি উপস্থিত এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ডিব্রুগড়ে রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল বলেন, ‘রথযাত্রা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং সর্বজনীনতার এক চিরন্তন প্রতীক। ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার এই পবিত্র যাত্রা আমাদের করুণা, নিঃস্বার্থ সেবা এবং সমাজকল্যাণে আত্মনিবেদিত থাকার আদর্শে উদ্বুদ্ধ করে।’
ডিব্রুগড় সহ এলাকায় সাংস্কৃতিক সচেতনতা, সমাজসেবা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শ্রীশ্রী জগন্নাথ কালচারাল ট্রাস্টের ভূমিকার প্রশংসা করে রাজ্যপাল যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও তাদের এগিয়ে আসতে হবে। একইসঙ্গে তিনি পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতাকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
শেষে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার আশীর্বাদ কামনা করে রাজ্যপাল অসম ও দেশের সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস