



ডিব্রুগড় (অসম), ১৬ জুলাই (হি.স.) : ডিব্রুগড় জেলায় দুদিনের সফরের শেষ দিন আজ বৃহস্পতিবার রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য ঐতিহ্যবাহী মনোহরী চা-বাগান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে চা-বাগানের শ্রমিক, মনোহরী টি-ই এলপি স্কুলের ছাত্রছাত্রী এবং বাগান এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজ্যপাল।
মতবিনিময়কালে রাজ্যপাল চা-শ্রমিকদের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে পানীয় জল, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং শিক্ষা সংক্রান্ত পরিষেবার বিষয়ে তিনি বিস্তারিত তথ্য নিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাঁদের মতামতও জানতে চান।
স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলে রাজ্যপাল তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগ্রহের বিষয় সম্পর্কে জানতে চান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে রাজ্যপাল বলেন, নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
পরে রাজ্যপাল মনোহরী চা-কারখানা পরিদর্শন করে ‘টি টেস্টিং অ্যান্ড ট্যুরিস্ট লাউঞ্জ’-এর উদ্বোধন করেন। এই লাউঞ্জের মাধ্যমে অসমের ঐতিহ্যবাহী চায়ের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও উত্তরাধিকার দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করা হয়।
কারখানা পরিদর্শনের সময় রাজ্যপাল সেখানে উৎপাদিত বিভিন্ন ধরনের চা সম্পর্কে খোঁজ নেন এবং চা উৎপাদন ও প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপ সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস