
শিলিগুড়ি, ১৬ জুলাই (হি.স.): উত্তরবঙ্গের পাহাড়জুড়ে প্রবল বর্ষণ। টানা এই ভারী বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এদিকে, সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক| সিকিমের বরদাং এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে নতুন করে ধস নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ধস সরানোর কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর জলস্তর। বৃহস্পতিবার সকালের বৃষ্টির পর পাগলাঝোরা জলপ্রপাতের ভয়ঙ্কর চেহারা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তীব্র জলোচ্ছ্বাসের কারণে নিরাপত্তার স্বার্থে ১১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় পর্যটকদের অত্যন্ত সতর্কভাবে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলোতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ