
পালাক্কাড়, ১৬ জুলাই (হি.স.) : কেরলমের বহুচর্চিত নেনমারা জোড়া খুন মামলায় দোষী সাব্যস্ত চেন্থামারার সাজা বৃহস্পতিবার ঘোষণা করবে পালাক্কাড় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। প্রায় দেড় বছর আগে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
সাজা ঘোষণার আগে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ)-এর প্রস্তুত করা প্রশমন (মিটিগেশন) রিপোর্ট আদালতে পেশ করা হবে। ওই রিপোর্টে অভিযুক্তের মানসিক অবস্থা, আচরণ, সংশোধনের সম্ভাবনা এবং গত দু'দিনের কাউন্সেলিংয়ের পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। চেন্থামারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির থাকবেন।
প্রসিকিউশনের দাবি, এটি ‘বিরলের মধ্যে বিরল’ (ররেস্ট অফ রেয়ার) অপরাধ। তাই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রসিকিউশন আরও জানিয়েছে, চেন্থামারার মানসিক ভারসাম্যহীনতার দাবি ভিত্তিহীন। জেলা মনোবিদের রিপোর্টে তাঁর কোনও মানসিক রোগের প্রমাণ মেলেনি। শুনানির সময় বিচারক অভিযুক্তকে কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি নাকি নিজেই মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানান।
অন্যদিকে, প্রতিরক্ষা আইনজীবীরা আদালতের কাছে মৃত্যুদণ্ড না দিয়ে অভিযুক্তের সংশোধনের সম্ভাবনা বিবেচনা করার আবেদন করেছেন।
উল্লেখযোগ্য বিষয়, এটি চেন্থামারার বিরুদ্ধে প্রথম খুনের মামলা নয়। এর আগেও তিনি এক মহিলাকে গলা কেটে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে দ্বৈত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পাওয়ার পরই তিনি ফের এই জোড়া খুনের ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
২০২৫ সালের ২৭ জানুয়ারি নেনমারার পোথুন্ডিতে সুধাকরণ এবং তাঁর বৃদ্ধা মা লক্ষ্মীকে কুপিয়ে খুন করা হয়। তদন্তকারীদের দাবি, পারিবারিক বিরোধ ও দীর্ঘদিনের প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন চেন্থামারা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য