
শিলিগুড়ি, ১৬ জুলাই (হি. স.): রথযাত্রার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়ির ঐতিহ্যবাহী হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৭তম বর্ষের দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হল। বৃহস্পতিবার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর সূচনা হয়।এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হিসেবে থাকছে বাংলার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পভিত্তিক থিম। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় টেরাকোটার শিল্পরীতি ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য একাধিক বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে ক্লাব।ক্লাবের সম্পাদক নিমাই পাল জানান, সরকারি আর্থিক অনুদান নিয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও পুজোর আয়োজনে কোনও প্রভাব পড়তে দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের প্রতি তাঁদের আস্থা রয়েছে এবং সমস্যার সমাধান হবে বলেই আশা করছেন।অনুষ্ঠানে স্পিকার রথীন্দ্র বোস রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, পরদিন বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় ফিরতে হবে। তার আগে তিনি শিলিগুড়ি ইসকনের রথযাত্রার উদ্বোধন ও বিধান মার্কেটের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর ভূয়সী প্রশংসা করে এবারের আয়োজন সফল হওয়ার শুভকামনা জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়