খুঁটিপুজোর মধ্য দিয়ে অরণ্যসংঘ ক্লাবের দুর্গোৎসবের সূচনা, ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচিতে বিধায়ক লক্ষীকান্ত সাউ
ঝাড়গ্রাম, ১৬ জুলাই (হি. স.): বৃহস্পতিবার রথযাত্রার পবিত্র তিথিতে খুঁটিপুজোর মধ্য দিয়ে ঝাড়গ্রামের ১৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী অরণ্যসংঘ ক্লাবের দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হল। এদিন খুঁটিপুজোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে ‘মায়ের
ঝাড়গ্রাম


ঝাড়গ্রাম, ১৬ জুলাই (হি. স.): বৃহস্পতিবার রথযাত্রার পবিত্র তিথিতে খুঁটিপুজোর মধ্য দিয়ে ঝাড়গ্রামের ১৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী অরণ্যসংঘ ক্লাবের দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হল। এদিন খুঁটিপুজোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে ‘মায়ের নামে একটি গাছ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম মহান্তি, ক্লাবের পদাধিকারী, সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে লক্ষীকান্ত সাউকে আসন্ন দুর্গাপূজা কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বিভিন্ন স্থানে চারাগাছ রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষীকান্ত সাউ সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। পাশাপাশি তিনি বলেন, দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আগামী প্রজন্মের কাছে এই ঐতিহ্য ও মূল্যবোধ পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande