
ইমফল, ১৬ জুলাই (হি.স.) : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে মণিপুর জুড়ে পালিত রথযাত্রা। মণিপুরে স্থানীয়ভাবে রথযাত্রা ‘কাং’ বা ‘কাংচিংবা’ নামে পরিচিত। রথযাত্রা উপলক্ষ্যে ঐতিহাসিক শ্রীশ্রী গোবিন্দজি মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে গোটা ইমফল।
মেইতেই বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কাং’-এ ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর বার্ষিক রথযাত্রা অনুষ্ঠিত হয়। শুধু গোবিন্দজি মন্দিরেই নয়, রাজ্যের বিভিন্ন মন্দির ও এলাকায়ও ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালিত হয়।
উৎসবের প্রধান আকর্ষণ দেব-দেবীদের সুসজ্জিত বিশাল কাঠের রথ টেনে নিয়ে যাওয়ার শোভাযাত্রা। হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে এই পুণ্যযাত্রায় অংশ নেন। এ সময় ভজন, নামসংকীর্তন ও কীর্তন শিল্পীদের পরিবেশনায় ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।
ঐতিহ্যবাহী ইন্নাফি ও অন্যান্য মণিপুরি পোশাক, সঙ্গে মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী অলঙ্কারে সজ্জিত আবালবৃদ্ধবনিতা ভক্তদের অংশগ্ৰহণে উৎসব আরও বর্ণাঢ্য হয়ে ওঠে। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মণিপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক অনন্য প্রকাশ দেখা যায়।
আয়োজকদের কাছে জানা গেছে, সন্ধ্যায় দেব-দেবীর সামনে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ভক্তিমূলক নৃত্য ‘চোইতেপ চোংবা’। পরে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়ে উপস্থিত ভক্তদের মধ্যে খিচুড়ি-প্রসাদ বিতরণ করা হবে।
মণিপুরে ‘কাং’ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি রাজ্যের বৈষ্ণব ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি এবং সামষ্টিক অংশগ্রহণের এক উজ্জ্বল প্রতীক। প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ, ভক্তি ও ঐতিহ্যের আবহে ‘কাং’ উৎসব উদযাপিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস