
বাজারিছড়া (অসম), ১৬ জুলাই (হি.স.) : ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি এবং উৎসবের আবহে বৃহত্তর লোয়াইরপোয়া ব্লকজুড়ে সাড়ম্বরে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উৎসব। প্রতি বছরের মতো এ বছরও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ঐতিহ্যবাহী উৎসব।
আজ বৃহস্পতিবার সকালে বাজারিছড়া জগন্নাথ আশ্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের বিশেষ পূজার্চনা, নামকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। দুপুরে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকালে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে বাজারিছড়া ও কালাছড়া এলাকার প্রধান সড়ক পরিক্রমা করা হয়। পরে রথটি পুনরায় জগন্নাথ আশ্রমে ফিরে এলে রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু, যুবক ও প্রবীণ, সব বয়সের অসংখ্য ভক্ত ভক্তিভরে রথের রশি টেনেছেন।
সন্ধ্যায় আশ্রমে সন্ধ্যা আরতি, নামসংকীর্তন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ধর্মীয় পরিবেশে ভক্তদের অংশগ্রহণে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শুধু বাজারিছড়ায়ই নয়, লোয়াইরপোয়া, শিবেরগুল, কালাছড়া, সলগই, রাধাপ্যারী, নুরখা, বালিপিলা, রাঙ্গামাটি এবং মানিকবন্দ সহ বৃহত্তর এলাকার বিভিন্ন স্থানে একই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রথযাত্রা উদযাপিত হয়। প্রতিটি এলাকায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টানতে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু-কিশোরের অংশগ্রহণ ছিল।
রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন স্থানে বসে ঐতিহ্যবাহী মেলা। খেলনা, মিষ্টি, গৃহস্থালি সামগ্রী সহ নানা ধরনের দোকানে ছিল উপচে পড়া ভিড়। উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।
এদিকে, রথযাত্রার শোভাযাত্রা ও মেলাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বাজারিছড়া পুলিশ বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ও টহলের ব্যবস্থা করে।
সব মিলিয়ে ধর্মীয় ভক্তি, সামাজিক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এ বছরের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস