
কলকাতা, ১৬ জুলাই (হি স)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের ঘনিষ্ঠ অনুগামী মদন মিত্রের শিবির বদল এবং দলবদলের হিড়িক নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
বৃহস্পতিবার কলেজ স্কোয়ারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া ভাষায় তিনি বলেন, এই ধরনের অণু-পরমাণুকে মানুষ চেনে। এই নির্বাচনে শুধু পোশাকের রঙ বদলানোর জন্য মানুষ ভোট দেয়নি। পোশাকের ভেতরে থাকা মানুষটাকে বদলানোর জন্যই বিজেপিকে ভোট দিয়েছে জনতা।
একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ভয়ে দলবদল করা হচ্ছে, নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগকেও উড়িয়ে দিয়েছেন তিনি।
বিজেপি সভাপতির কথায়, কেউ কেউ জল্পনা ছড়াচ্ছে যে, অনেকে নাকি গ্রেফতার হওয়া থেকে বাঁচতে কোনও একটি নির্দিষ্ট শিবিরে যোগ দিচ্ছে। তৃণমূলের দল ভাঙানোতে আমাদের কোনও হাত নেই, আর আমাদের এরকম কোনও ইচ্ছেও নেই। তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙন নিয়ে তাঁর দাবি, আমরা ভোটের আগেই বলেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল দলটা একদিন উঠে যাবে। এখন ঠিক সেটাই হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত