
বাঁকুড়া, ১৬ জুলাই (হি.স.): টানা বৃষ্টিতে শ্রেণিকক্ষের মেঝে জলে ডুবে। সেই জলের মধ্যেই বেঞ্চের উপর পা তুলে বসে পড়াশোনা করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এমনই চিত্র ধরা পড়েছে বাঁকুড়া জেলার খাতড়া ব্লকের গোড়াবাড়ি কংসাবতী কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। শিশুদের নিরাপত্তা ও বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের টানা বৃষ্টি এবং অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জল ঢুকে পড়েছে। ফলে পড়ুয়াদের বেঞ্চের উপর পা তুলে বসে ক্লাস করতে হচ্ছে। একই পরিস্থিতিতে শিক্ষিকাদেরও পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। শুধু শ্রেণিকক্ষ নয়, বিদ্যালয়ে যাওয়ার রাস্তাও দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকায় প্রতিদিন চরম ভোগান্তির মুখে পড়ছেন পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, ১৯৮৪ সালে নির্মিত অ্যাসবেস্টসের ছাউনিযুক্ত বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন সংস্কারের অভাবে অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাউনির একাধিক অংশ ভেঙে যাওয়ায় এবং দেওয়ালে ফাটল ধরায় বৃষ্টির জল সহজেই শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। পাশাপাশি নিচু জানালা দিয়েও জল প্রবেশ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বর্তমানে বিদ্যালয়ে ৩৬ জন পড়ুয়া এবং দু'জন শিক্ষক রয়েছেন। কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, স্কুলে শৌচালয়ের ব্যবস্থা নেই, নিরাপদ পানীয় জলেরও অভাব। যে নলকূপ রয়েছে, তার জলে অতিরিক্ত আয়রনের সমস্যা রয়েছে। পাইপলাইনের জলও নিয়মিত মেলে না। মিড-ডে মিলের রান্নাঘরেও বৃষ্টির সময় জল ঢুকে পড়ায় রান্না করতে সমস্যার সৃষ্টি হয়।
অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয় চত্বর আগাছায় ভরে থাকায় সাপের উপদ্রবের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ থাকায় জল জমলে শর্ট সার্কিটের ঝুঁকিও তৈরি হচ্ছে। তাঁদের দাবি, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন পাকা বিদ্যালয় ভবন নির্মাণ এবং নিকাশি-সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিক প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট