শিলচরের ক্যাপিটাল পয়েন্ট–রাঙ্গিরখাড়ি সড়ক সংস্কারের দায়িত্ব পূর্ত দফতরকে, দ্রুত কাজের নির্দেশ
শিলচর (অসম), ১৬ জুলাই (হি.স.) : শিলচরের ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি সড়ক সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (এনএইচআইডিসিএল)-এর পরিবর্তে এবার এই প্রকল্পের দায়িত্ব রাজ্
পর্যালোচনা বৈঠকে দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়, রয়েছেন কঙ্কন শিকদার এবং জেলাশাসক


বৈঠকে দুই মন্ত্রী সহ বিভিন্ন বিভাগের আধিকারিকবৃন্দ


শিলচর (অসম), ১৬ জুলাই (হি.স.) : শিলচরের ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি সড়ক সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (এনএইচআইডিসিএল)-এর পরিবর্তে এবার এই প্রকল্পের দায়িত্ব রাজ্যের লোকনিৰ্মাণ (পূৰ্ত) বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা এবং বরাক উপত্যকা উন্নয়ন দফতরের কৃষ্ণেন্দু পাল এবং খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, গৃহনির্মাণ ও নগরোন্নয়ন এবং সমবায় দফতরের কৌশিক রায়। বৈঠকে জেলাশাসক রাহুলকুমার গুপ্তা (আইএএস), জেলা পরিষদের সভাধিপতি কঙ্কন শিকদার, এনএইচআইডিসিএল, লোকনির্মাণ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, শিলচর পুরসভা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে এই প্রকল্পটি এনএইচআইডিসিএল-এর কাছ থেকে পূর্ত (লোকনির্মাণ) দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সরকারি মান বজায় রেখে দ্রুত সড়ক পুনর্নির্মাণ করা যায়।

তিনি জানান, পূর্ত দফতর নতুন করে প্রকল্পের ব্যয়ের হিসাব তথা ডিপিআর প্রস্তুত করবে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বর্তমান ক্ষতিগ্রস্ত সড়কের ওপরের স্তর তুলে সেখানে নতুন করে বিটুমিনস দিয়ে রাস্তা পুনৰ্নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত, চার লেনের সড়ক নির্মাণ এবং সেতুর স্তম্ভ তৈরির জন্য খননকাজের ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুনর্নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, জানান তিনি।

মন্ত্রী কৌশিক রায় বলেন, গত কয়েক মাসে রাস্তার বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএলকে ব্যাপক জনরোষের মুখে পড়তে হয়েছে। তবে অস্থায়ীভাবে কংক্রিটের ব্লক বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল যদিও তাচে স্থায়ী সমাধান হয়নি।

সড়কের আরও ক্ষতি এড়াতে ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি সড়কে ভারী যানবাহন চলাচল শীঘ্রই নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছেন দুই মন্ত্রী। পুনর্নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারী যানবাহনগুলিকে বিকল্প বাইপাস সড়ক ব্যবহার করতে হবে, জানান তাঁরা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande