
চেন্নাই, ১৬ জুলাই (হি.স.) : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাশিত গতিতে সক্রিয় না হওয়ায় তামিলনাড়ু জুড়ে গরমের তীব্রতা বেড়েই চলেছে। একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি পৌঁছে গিয়েছে। পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি চেন্নাই ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ভেলোরে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬.৬ ডিগ্রি বেশি। এছাড়া মাদুরাইয়ে ৪১ ডিগ্রি, তিরুত্তানিতে ৪০ ডিগ্রি, পালায়মকোট্টাইয়ে ৩৯.৫ ডিগ্রি, ইরোডে ৩৯.৪ ডিগ্রি এবং তিরুচিরাপল্লিতে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত হয়েছে। চেন্নাইতেও গরমের দাপট অব্যাহত। মীনামবাক্কমে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি এবং নুঙ্গামবাক্কমে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহবিদদের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। বরং কিছু এলাকায় আরও ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় উপকূলবর্তী এলাকায় ‘হিট স্ট্রেস’-এর আশঙ্কাও রয়েছে। তাই দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা, হালকা সুতির পোশাক পরা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার তিরুপত্তুর, ভেলোর, রানিপেট, কল্লাকুরিচি, তিরুভান্নামালাই, কাঞ্চিপুরম, নামাক্কল, করুর, ইরোড, তিরুচিরাপল্লি, আরিয়ালুর, পেরাম্বলুর, শিবগঙ্গা, বিরুধুনগর, ডিন্ডিগুল এবং মাদুরাই জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শুক্রবারও বিরুধুনগর, শিবগঙ্গা, মাদুরাই, ডিন্ডিগুল, করুর, নামাক্কল ও ইরোড জেলায় একই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে পূর্বাভাস।
তবে আগামী কয়েকদিন পশ্চিমঘাট সংলগ্ন কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রাজ্যের অধিকাংশ অংশেই আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতরের আশা, ১৭ জুলাইয়ের পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়তে পারে। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং গরম থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য