
তারকেশ্বর , ১৬ জুলাই (হি.স.) : পবিত্র রথযাত্রার পুণ্য তিথিতে তারকেশ্বর বিধানসভার পিয়াসারা মোড়ে ইসকনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক আবহে মুখরিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রভু শ্রীশ্রী জগন্নাথ দেবের চরণে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
রথযাত্রা উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক মিলনক্ষেত্র। বিধায়ক বিমান ঘোষ রথযাত্রার তাৎপর্য তুলে ধরে বলেন, এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও জানান, রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ঐক্য ও শুভবোধের বার্তা বহন করে। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই প্রার্থনাই করেন তিনি। ইসকনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য রথযাত্রা উৎসবকে ঘিরে ভক্ত ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA