
কলকাতা, ১৬ জুলাই (হি. স. ) : রাজ্যে মৌলবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর খুঁটিপুজোয় উপস্থিত হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গের কিছু জেলা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গিয়েছে।
শমীকবাবু বলেন, বাংলাদেশে দুর্গাপ্রতিমার হাত ভেঙে, ঘট তুলে নিয়ে যাওয়া হয়। এ রাজ্যেও দিকে দিকে বাংলাদেশের মতো নিদান দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মরদেহ পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে না। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের বুকে এই সব ঘটনায় উদ্বিগ্ন শমীকবাবু।
রথযাত্রার দিন সকালে কলেজ স্কোয়্যারে দুর্গাপুজোর খুঁটিপুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীকবাবু। তিনি স্পষ্ট করে দেন, গোটা পশ্চিমবঙ্গে এবার নির্বিঘ্নে পুজো হবে। রাজ্যে মৌলবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে দুর্গাপুজোর গান বাজানোর পরে সেখানেই ডিজে বাজিয়ে দেওয়া হয়। ডিজে শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও এই সংস্কৃতি রয়েছে।
এমনকী মুর্শিদাবাদেও ডিজে বেজেছে। সেখানে প্রতিমাশিল্পী বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের মতো নিদান দেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত