
আরামবাগ , ১৬ জুলাই (হি.স.): আপনার দেওয়া এক ইউনিট রক্ত বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণ— এই বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
প্রশান্ত দিগার বলেন, রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। একজন মানুষের দেওয়া এক ইউনিট রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সচেতন মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হলো রক্তদান। সমাজের সকল স্তরের মানুষের এই ধরনের মহৎ উদ্যোগে সামিল হওয়া প্রয়োজন। রক্তদান শুধু একজন রোগীর জীবনই বাঁচায় না, মানবিকতার বন্ধনকেও আরও সুদৃঢ় করে।
রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা সকলকে নিয়মিত রক্তদানের জন্য উদ্বুদ্ধ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA