
হুগলি , ১৬ জুলাই (হি.স.): হুগলি জেলার গুপ্তিপাড়ার ঐতিহাসিক বৃন্দাবনচন্দ্র জিউর রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। তিনি বলেন, বাংলার ঐতিহ্য, ভক্তি ও সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র এই রথযাত্রা, যা তিনশো বছরেরও বেশি সময় ধরে অগণিত ভক্তের হৃদয়ে ভক্তি, বিশ্বাস ও সম্প্রীতির বার্তা বহন করে আসছে।
মন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেন, গুপ্তিপাড়ার রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। রথের দড়িতে হাত রাখার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ভক্তি ও মানবতার বন্ধনে আবদ্ধ হন। এই উৎসব সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করে মিলন ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয়।
তিনি আরও বলেন, গুপ্তিপাড়ার রথযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ হলো ঐতিহ্যবাহী ‘ভাণ্ডার লুট’, যা বাংলার অন্য কোথাও এই বিশেষ রূপে দেখা যায় না। পাশাপাশি বিশাল নবরত্ন কাঠের রথ আজও বাংলার প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবকে বহন করে চলেছে।
মন্ত্রী সুমনা সরকার সকলকে এই মহোৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে প্রার্থনা করেন, প্রভু জগন্নাথদেব যেন সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বর্ষণ করেন। তাঁর এই শুভেচ্ছাবার্তা গুপ্তিপাড়ার ঐতিহাসিক রথযাত্রার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA