
হুগলি , ১৬ জুলাই (হি.স.): রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রের ইস্তফা। হুগলি জেলার রিষড়া পুরসভার রাজনীতিতে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বুধবার গভীর রাতে রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র তাঁর পদ থেকে ইস্তফা দেন। তিনি ই-মেলের মাধ্যমে শ্রীরামপুর মহকুমা শাসকের (এসডিও) কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, বিজয় সাগর মিশ্রের ইস্তফার পর এবার পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান-সহ আরও সাতজন কাউন্সিলর শুক্রবার তাঁদের পদত্যাগপত্র জমা দিতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, এর আগেই রিষড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেতা দেবটিয়া তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। একের পর এক পদত্যাগের ঘটনায় রিষড়া পুরসভার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রের ইস্তফার পর সামাজিক মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, এটি তাঁর রাজনৈতিক জীবনের একটি কঠিন সময়ের প্রতিফলন। আবার অনেকেই তাঁর সিদ্ধান্তকে পরিস্থিতিজনিত বলে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের দাবি, গোটা ঘটনাপ্রবাহ রাজনৈতিক চাপ বা কৌশলের অংশও হতে পারে।
যদি শুক্রবার ভাইস চেয়ারম্যান-সহ অন্যান্য কাউন্সিলররাও পদত্যাগ করেন, তাহলে রিষড়া পুরসভার রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে শুক্রবারের সম্ভাব্য ঘটনাপ্রবাহের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA