
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর, তিন পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়| এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়| শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে লেখেন, মুর্শিদাবাদের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
পাশাপাশি তিনি নিশানা করেছেন বিজেপিকে| লিখেছেন, যখন যাত্রিবাহী ট্রেন স্কুলের গাড়িতে ধাক্কা দিয়ে নিরীহদের প্রাণহানি ঘটায়, তখন জবাবদিহিতা উপেক্ষিত বিষয় হিসেবে গণ্য করা যায় না! বারবার ঘটা এমন মর্মান্তিক ঘটনার জন্য কে জবাবদিহি করবে? নাকি বিজেপি সরকার সমস্ত দায়িত্ববোধ বিসর্জন দিয়েছে? এটা কি প্রাতিষ্ঠানিক অবহেলার আরও একটি পরিণতি? সিগন্যালিং ব্যবস্থার ব্যর্থতা? নাকি এমন এক বিপজ্জনক সংস্কৃতি যেখানে প্রশাসনিক উদাসীনতার বেদিতে নিরাপত্তাকে বলি দেওয়া হয়? এই গভীর শোকের মুহূর্তে ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। যাঁরা এর জন্য দায়ী, তাঁদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ