
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): বিধায়কদের সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি তদন্তে অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়লো। তৃণমূল সাংসদকে আরও একমাসের রক্ষাকবচ দিল হাই কোর্ট। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। উল্লেখ্য, সই জাল কাণ্ডের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভোটের পরেই। প্রাথমিকভাবে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও এই ঘটনা অন্য মোড় নেয় যখন ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহা বিধানসভায় অভিযোগ দায়ের করেন।
তাঁদের অভিযোগ ছিল, শোভনদেবের সমর্থনে যে রেজলিউশন জমা দিয়েছিল তৎকালীন অবিভক্ত তৃণমূল, তাতে অনেক বিধায়কের সই জাল হয়েছে। ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহা, এই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। পুলিশ এফআইআর নথিভুক্ত করে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব সিআইডি-কে হস্তান্তর করা হয়। তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তাঁকে নোটিসও পাঠানো হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এর আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সে সময় আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে মূল এফআইআর-টিই বাতিল করার আবেদন জানিয়েছেন। এরই মধ্যে বিচারপতি কৌশিক চন্দ স্বস্তি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট নির্দেশ, এক মাস তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ