
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
শুক্রবার অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে লেখেন, আজ সকালে মুর্শিদাবাদের গোবিন্দপুরে স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার একটি পুলকার দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। ৩ জন পড়ুয়া মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে। আমার কাছে শোকপ্রকাশ করার মতো ভাষা নেই। যেসব পরিবার সন্তানদের হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে (পুলকার) ধাক্কা মারে একটি ট্রেন। দুর্ঘটনায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ