
ভুবনেশ্বর, ১৭ জুলাই (হি.স.): ওড়িশার জগৎসিংহপুর এবং ঝাড়সুগুড়া জেলা আদালত চত্বরে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে শুক্রবার সকালেই চাঞ্চল্য ছড়ায়। ই-মেলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরই দুই আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ই-মেল পাঠিয়ে আদালত চত্বর উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। খবর পাওয়া মাত্রই পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী এবং বিশেষ নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
আদালত চত্বরের প্রতিটি অংশ খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কোনও বস্তু রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখছেন নিরাপত্তাকর্মীরা। পাশাপাশি, হুমকির ই-মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সাইবার বিশেষজ্ঞদের দল।
প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবে কোনওরকম ঝুঁকি এড়াতে আদালত চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ সবদিক খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য