
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর, তিন পড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়| এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী|
শুক্রবার মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, আজ সকালে মুর্শিদাবাদের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
যে সমস্ত তরুণ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি, বিশেষ করে তাঁদের বাবা-মায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এমন গভীর বেদনা লাঘব করার মতো কোনও শব্দ নেই| এই কঠিন সময়ে সমগ্র রাজ্য শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।
আমি আহতদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব রকম সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জেলা শাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন এবং ব্যক্তিগতভাবে সমস্ত কাজ তদারকি করছেন।
যাঁরা চিকিৎসাধীন আছেন, যাতে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা পান, তা আমরা নিশ্চিত করছি। স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে তদারকি করছেন, যাতে মেডিকেল কলেজে আহতরা সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পান।
কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্য পুলিশ ইতিমধ্যেই রেলের গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়াতদের আত্মার শান্তি কামনা করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ