
কলকাতা, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন এলাকায়। ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়িতে এদিন হঠাৎই আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় সম্পূর্ণ গাড়িটিকে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ইকো পার্কের ১ নম্বর গেটের পাশে গাড়িটি পার্ক করা ছিল। আচমকাই গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচারীরা। কিন্তু তাঁরা কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ