
পশ্চিম বর্ধমান, ১৭ জুলাই (হি.স.): শুক্রবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দুর্গাপুরে| এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এলাকায়। রাস্তার ধারের একটি খাবারের হোটেল মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও হোটেলের মালিক উনুনে কড়াই চাপিয়ে তাতে তেল ঢালেন| প্রস্তুতি নিচ্ছিলেন রান্নার। তারপরেই আচমকা আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়| মুহূর্তের মধ্যে তা গোটা দোকানে ছড়িয়ে পড়ে।
দিনের ব্যস্ত সময়ে হোটেলে হঠাৎ আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে শেষ রক্ষা হয়নি। হোটেলটি ভস্মীভূত হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ