
কলকাতা, ১৭ জুলাই (হি. স.): পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, কলকাতার পাশাপাশি পর্যায়ক্রমে নদীয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় মিড ডে মিল প্রকল্পে খাবার সরবরাহের দায়িত্ব ইসকন -কে দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (AIUTUC)।
সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাসের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের প্রায় ২ লক্ষ ৪০ হাজার মিড ডে মিল রন্ধনকর্মীর জীবিকা ঘোর অনিশ্চয়তার মুখে পড়বে। তাঁর অভিযোগ, এতদিন ধরে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং কর্মীরা স্কুলে রান্নার কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এই ব্যবস্থার ফলে তাঁদের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর পাশাপাশি তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ইসকনের মাধ্যমে খাবার সরবরাহের ব্যবস্থা চালু হলে ছাত্রছাত্রীরা পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমিষ খাদ্য (যেমন ডিম) থেকে বঞ্চিত হতে পারে, যা শিশুদের সামগ্রিক শারীরিক ও মানসিক বিকাশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।
এই সামগ্রিক প্রেক্ষিতে AIUTUC-এর পক্ষ থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, মিড ডে মিল প্রকল্পকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের রন্ধনকর্মীদের মাধ্যমেই পুষ্টিগুণসম্পন্ন গরম খাবার এবং প্রয়োজনীয় আমিষ-সহ ছাত্রছাত্রীদের পরিবেশন নিশ্চিত করা উচিত।
এর সঙ্গেই সংগঠনের তরফ থেকে জোরালো দাবি তোলা হয়েছে যে, মিড ডে মিল কর্মীদের বছরে ১০ মাসের পরিবর্তে ১২ মাসের সম্মানী প্রদান করতে হবে এবং তাঁদের মাসিক পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি প্রকল্পের রন্ধনকর্মীদের সমপর্যায়ে উন্নীত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত