
কলকাতা, ১৭ জুলাই (হি. স.): আগামী ১৯ জুলাই জাতীয় গ্রন্থাগার (ন্যাশনাল লাইব্রেরি) চত্বরে দেশের প্রথম ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। রবিবার বেলা প্রায় ২টোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ এই নতুন সংগ্রহশালার উদ্বোধন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
দেশের প্রথম ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’-এর এই উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের সাংস্কৃতিক ও গ্রন্থাগার মহলে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
এই হাই-প্রোফাইল অনুষ্ঠানটির সংবাদ কভারেজের ক্ষেত্রে কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য আগাম নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করে সাংবাদিকদের এই অনুষ্ঠানের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ১৭ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শুধুমাত্র আবেদন করলেই অনুষ্ঠানে প্রবেশাধিকার নিশ্চিত হবে না। সাংবাদিকদের জমা দেওয়া তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করার পরেই আবেদন অনুমোদন করা হবে। যাঁদের আবেদন গৃহীত ও অনুমোদিত হবে, তাঁদের আগামী ১৮ জুলাই চূড়ান্ত আমন্ত্রণপত্র পাঠানো হবে। একই সঙ্গে অনুষ্ঠানে যোগদানের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশিকাও তাঁদের মেইল মারফত পাঠিয়ে দেওয়া হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত